মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। প্রেসিডেন্টের কার্যালয় মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট মুইজ্জু প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, এ কঠিন সময় মালদ্বীপের সরকার ও জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সকলের পাশে রয়েছে।
রাষ্ট্রপতি আরও নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা বেশি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সমাজে রাখা মূল্যবান অবদানকেও বিশেষভাবে স্মরণ করেন।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপের একটি গেস্টহাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
প্রেসিডেন্টের চিঠিটি দুই দেশের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ হিসেবে মনে করা হচ্ছে, এবং আহতদের দ্রুত সুস্থতা ও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।








