বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, বিপিএম আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা মিজেস টেস বি. ব্রেসনানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মিজেস ব্রেসনান বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জাতিসংঘ সংস্থা এবং সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং সহযোগিতায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আইজিপি বাহারুল আলম এ সময় বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের দৃঢ় সম্পর্কের একটি প্রকাশ হয়ে দাঁড়ালো।







