ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোটকেন্দ্রে ১০ মিনিটে সীমাবদ্ধ থাকবে সাংবাদিকদের অবস্থান, লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি এবং লাইভ সম্প্রচারের নিয়ম নিয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা ভোটকেন্দরের বুথে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অবস্থান করতে পারবেন, যা শেষ হলে তাদের বেরিয়ে যেতে হবে। পাশাপাশি, বুথের ভেতরে বা সরাসরি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সপ্তাহে প্রকাশিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫’-এর আওতায় ইসি বৈধ পরিচয়পত্রসহ সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে কেন্দ্রে ঢোকার পর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে জানানো এবং তার নির্দেশনামতো খবর সংগ্রহ, ছবি তোলা বা ভিডিও ধারণ করতে হবে।

নীতিমালায় স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে যে, গোপন বুথে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। একসঙ্গে বুথে দুইটির বেশি সাংবাদিক থাকতেও পারবে না। তাছাড়া বুথের ভিতরে কোনো ভোটার, এজেন্ট বা কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়াও অনুমোদিত নয়।

লাইভ সম্প্রচারের ক্ষেত্রে বলা হয়েছে, বুথ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইভ করা যাবে, তবে সেই কার্যক্রম যেন ভোট গ্রহনে বিঘ্ন সৃষ্টি না করে তা নিশ্চিত করতে হবে। ভোট গণনার ঘরে সাংবাদিকদের প্রবেশ ও ছবি তোলা যাবে, কিন্তু সেখানে লাইভ সম্প্রচার করা যাবে না।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বুথে কোনো নির্বাচনী উপকরণ স্পর্শ বা সরানো নিষেধ, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচার করা যাবে না এবং প্রিজাইডিং অফিসারের আইনগত নির্দেশনা মেনে চলতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় বাধা প্রদানকারী কোনো কাজ করা যাবেনা।

যদি কেউ এই নির্দেশনা লঙ্ঘন করেন, তাহলে তাঁদের গণমাধ্যম পাস বাতিল করা হতে পারে এবং নির্বাচনী আইন অনুযায়ী সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৩ সালের নীতিমালার ধারাবাহিকতায় এবারও ‘আন্তর্জাতিক সংবাদ সংস্থা’র বিষয়ে উল্লেখ থাকলেও স্থানীয় সংবাদ সংস্থার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই নীতিমালা জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নীতিমালায় উল্লেখ রয়েছে, ‘‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ এবং নির্বাচনী এলাকা থেকে সংবাদ সংগ্রহের সুযোগ প্রদানের লক্ষ্যে এই নিয়মাবলী প্রণীত হয়েছে।’’