ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জের মাদক ব্যবসায়ী ও অস্ত্রসজ্জিত আ’লীগ নেতা মোতালিব গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক থেকে কোটিপতি হওয়া এবং মাদকের মতো গুরুতর অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতা মোতালিবকে র‌্যাব-১ গ্রেফতার করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, মোতালিব গত দেড় দশকের বেশি সময় ধরে দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদে থেকে রাজনৈতিক আশ্রয়ে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

মোতালিব ও তার সহযোগী নেওয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেছেন এবং প্রতিবাদ করলে হামলা, মামলা, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং কিশোর গ্যাং ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করেছেন।

স্থানীয়রা জানান, মোতালিব প্রভাবশালী একটি পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রী থাকার পর গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন যে মোতালিবের নারী নির্যাতন এবং অসামাজিক আচরণের কারণে তিনি দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে তার কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ছাত্র আন্দোলন দমন, কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ এবং গুলি চালানোর অভিযোগও মোতালিবের বিরুদ্ধে রয়েছে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিব ও তার সঙ্গীরা অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং মূল্যবান জিনিসপত্র লুট করেছেন। হামলার সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, মোতালিবকে র‌্যাব-১ গ্রেফতার করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের মতে, রিমান্ডে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস অনুসন্ধান, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও ঘটনার গোপন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।