ধূমপানমুক্ত ও তামাকমুক্ত রেল পরিবেশ গড়ে তুলতে বিশেষ অবদান রাখায় ২২ জন রেল কর্মকর্তাকে পুরস্কৃত করেছে রেলপথ মন্ত্রণালয়। গত ১৪ আগস্ট রাজধানীর রেল ভবনে ‘বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করার উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রেল স্টেশনে তামাক সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ রেলওয়ের আরএনবি, জিআরপি (পুলিশ) এবং বিভিন্ন বিভাগের ২২ কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা পদক ২০২৫ প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে রেল কর্মীদের উৎসাহিত করে দেশের সকল স্টেশন ও ট্রেনকে ধূমপানমুক্ত করার প্রচেষ্টা আরও জোরদার করার প্রত্যাশা প্রকাশ করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, উপসচিব (বাজেট অধিশাখা), রেলপথ মন্ত্রণালয়; মোঃ জাকির হোসেন, পরিচালক ট্রাফিক (পরিবহণ); মোঃ আনসার আলী, উপ-পরিচালক (টিসি); গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী); মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (লালমনিরহাট); ফারহান মাহমুদ, এডিসিও (চট্টগ্রাম) এবং মোহাম্মদ আমিনুল হক, এসিও-১ (ঢাকা) প্রমুখ।
অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান আর্কের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক প্রকল্প সংক্রান্ত বেজলাইন ও এন্ডলাইন সার্ভের ফলাফল তুলে ধরেন এবং বিষয়টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ‘রেল পরিবহনকে জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর করার লক্ষ্য নিয়ে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা কোনও ছাড় দেব না।’
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের নানা স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানটিতে অংশ নেন।
অনুষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্যের অপব্যবহার জনসাধারণের যাত্রীসেবার মানে যে নেতিবাচক প্রভাব ফেলে, তা নিয়ে সাবেক ও বর্তমান সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। তাঁরা রেল স্টেশন, প্ল্যাটফর্ম ও ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি, কঠোর নজরদারি এবং আইনপ্রয়োগের পাশাপাশি যাত্রী ও কর্মীদের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তোলার উপর গুরুত্ব দেন।
শেষে সকল কর্মকর্তা ও কর্মচারী ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।








