ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নোয়াখালীর মেঘনা নদীতে ২৮ কেজির বিশাল কোরাল ধরা পড়ল

নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৮ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। গতকাল শনিবার সকালের দিকে নামার বাজারে মাছটি নিলামে বিক্রি হয় ৪১ হাজার ৫৫০ টাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. রাশেদ গত শুক্রবার রাতেই মেঘনায় জাল ফেলেন। ভোরে জাল তুললে তিনি দেখতে পান, জালে একটি বিশাল আকৃতির কোরাল মাছ আটকা পড়েছে। মাছটি দেখে তিনি ও তার সঙ্গীরা অবাক হয়ে যান। এরপর সকালে সেটি সঙ্গে নিয়ে বাজারে আসেন।

মাছটি বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গেই জনসাধারণের ভিড় জমে যায়। বাজার আড়তে উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই সেই বিরল মাছের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। পরে ইব্রাহিম মৎস্য আড়তে মাছটির নিলাম হয়, যেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ৪১ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. ইব্রাহিম।

ইব্রাহিম মৎস্য আড়তের ম্যানেজার মো. সোহেল জানান, এটি রাশেদের জীবনে প্রথম এত বড় কোরাল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ছিল ২৭.৭ কেজি। তার ভাষ্য, সাধারণত আড়তে ১৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছ আসে, তবে এ বছর এত বড় কোরাল মাছ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা।

ক্রেতা মো. ইব্রাহিম বলেন, এত বড় কোরাল মাছ বাজারে খুবই বিরল। সাধারণত ছোট কোরাল মাছ পাওয়া যায়, কিন্তু বড় মাছের চাহিদা বেশি থাকে। তিনি আশা প্রকাশ করেন, কোরাল মাছটি ভালো দামে বিক্রি হবে।

স্থানীয়রা জানিয়েছেন, মেঘনা নদীতে মাঝে মাঝে বড় ধরনের কোরাল মাছ ধরা পড়ে, তবে ২৫ কেজির ওপরে কোরাল মাছ পাওয়া খুবই কম। তাই এ ধরনের মাছ ধরা পড়লে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জেলে মো. রাশেদ বলেন, এত বড় কোরাল মাছ জীবনে কখনো ধরতে পারেননি। আল্লাহর রহমতে এবং পরিশ্রমে জালে এমন একটি মাছ পেয়েছেন, যা বিক্রি করে ভালো দামও পেয়েছেন। এতে তার পরিবারে অর্থনৈতিক স্বস্তি এসেছে।