ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আজ মিমাংসার চেষ্টা: আলী রিয়াজ

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার পরিধি নিয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় দফার আলোচনার শুরুতে এই কথা জানান কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, ‘আমাদের সময় সীমিত। দ্রুত সকলকে একমত করে আগামী জুলাই মাসের মধ্যে “জুলাই সনদ” চূড়ান্ত করতে হবে। কমিশনের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আলোচনা ফলপ্রসূ করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

আলী রিয়াজ আরও জানান, আজ যেসব বিষয়ে সমঝোতা অর্জিত হবে না, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে পুনরায় আলোচনা করা হবে। আজকের চতুর্থ দিনের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, এবং নির্বাচনী এলাকা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার বাইরে থাকবে।

গতকাল যেসব বিষয় নিয়ে মতবিরোধ ছিল, সেগুলো নিয়ে আজকের আলোচনা শুরু হবে বলে তিনি জানান। বৃহস্পতিবারের বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবং জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দূল্লাহ মোহাম্মদ তাহের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন।

এই আলোচনা জাতীয় ঐকমত্যের পথ পরিষ্কার করতে এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।