ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ভালুকায় পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও পেথিডিনসহ আটক ৩ মাদক ব্যবসায়ী

ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২২ জুন) রাত্রে এই অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার মেদুয়ারী এলাকায় বাঘসাতরা মোড়ের কাছে একটি চায়ের দোকানের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ মো. আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মেদুয়ারী গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে।

এরপর রাত সাড়ে তিনটার দিকে মাহমুদপুর ব্রিজ ঘাট এলাকার আনন্দ সাব্বির অটো ওয়ার্কশপের সামনে থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে মো. মনিরুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

তারপর ভোর চারটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে চেকপোস্টে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস তল্লাশি করে ৯১১ পিস পেথিডিন ইনজেকশনসহ মো. ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ফারুক মিয়া নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আতিকুর রহমান ও ফারুক মিয়ার বিরুদ্ধে আগে থেকে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান কঠোরভাবে চলবে।