ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনীতে বন্যা পরবর্তী উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী ফেনী এলাকায় ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়নমূলক, সংস্কার ও পূর্ণগঠন কর্মসূচি উদ্বোধন করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বিমান বাহিনী প্রধান এ অনুষ্ঠানে ফেনীতে বন্যার পর বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্প, সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের চেক প্রদান করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা ছিল।

এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শাহীন ভবনের উদ্বোধন এবং দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজগুলো সরেজমিন পরিদর্শন করেন। এছাড়া, ফেনী জেলার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বিতরণ, মেডিক্যাল সেবা প্রদান, চিকিৎসা সহায়তা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন।

বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে ২০২৪ সালের আকস্মিক বন্যাকালীন ও পরবর্তী সময়ে বিমান বাহিনীর অবদানকে উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, বন্যার পাশাপাশি কঠিন আবহাওয়া এবং বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা থাকা অবস্থায় বিমান বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দুর্যোগস্থল এলাকার মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় হেলিকপ্টার ও ইউএভি’র মাধ্যমে তাত্ক্ষণিক এরিয়াল রেকোনাইসেন্স মিশন পরিচালনা এবং জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অর্থায়ন, ত্রাণ ও সহায়তা প্রদানসহ সকল প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বিমান বাহিনী দেশের মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বিমান বাহিনী সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বহুবিধ শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় এবং বিভিন্ন রাস্তা-পথের নির্মাণ ও সংস্কার কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা শাহীন ভবনটি ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নির্মিত হয়েছে, যা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ঢাকা থেকে বিমান বাহিনী ঘাঁটি বাশার ও একে খন্দকার এই প্রকল্পগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকতা, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।