ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া সম্পন্ন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ বহির্গমন বিষয়ক মহড়া গত ২৫ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে সকাল ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে অনুষ্ঠিত হয়। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেল গাড়িসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল মেট্রো রেলে যাত্রাবাহন চলাচলের সময় হঠাৎ অগ্নিদুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত ও দক্ষতার সঙ্গে চলমান কার্যক্রম পরিচালনা করা। এই মহড়ায় কিভাবে যাত্রীদের সুরক্ষা দেওয়া যায়, কিভাবে অগ্নিনির্বাপন করা হয়, সাধারণ যাত্রীদের নিরাপদে ইভাকুয়েট করতে হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে স্থানান্তর করতে হয়, তা বাস্তব পরিস্থিতির অনুশীলন হিসাবে তুলে ধরা হয়েছে। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী, মেট্রোরেলের নিরাপত্তা কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সক্রিয় অংশগ্রহণ করেন। পাশাপাশি মহড়ার সময় মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মহড়া সমাপ্তির পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম বক্তব্য প্রদান করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন মিডিয়াকে ব্রিফিংয়ে জানান, এ প্রশিক্ষণ মহড়ার মাধ্যমে মেট্রোরেল কর্তৃপক্ষ ও যাত্রীদের নিরাপত্তামূলক সচেতনতা বৃদ্ধিসহ বাস্তব জীবনে দুর্ঘটনা মোকাবেলার প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে। এ ধরনের মহড়া নিয়মিত আবস্থায় চালিয়ে যাওয়া হবে।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান শিকদার ও সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থাকেন।

সংবাদ সূত্র: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।