ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ই-কমার্স ধামাকা শপিংয়ের ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক

গ্রাহকদের কাছ থেকে প্রায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নামে থাকা প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস. এম. ডি. জসীম উদ্দিন চিশতীর নামে রাজধানীর বনানী মডেল টাউনের ৩ ও ২/এ নম্বর রোডে অবস্থিত ১৪ নম্বর প্লটে নির্মিত একটি বহুতল ভবন, যার জমির পরিমাণ ৫ কাঠা এবং বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এছাড়াও, মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নামে গাজীপুরের কাশিমপুর পূর্ব বাগাবাড়ী এলাকায় ৪১ শতাংশ জমি ক্রোক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটির সহকারী পুলিশ সুপার আল মামুনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন ঢাকার সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তিগুলোর উপর ক্রোকাদেশ প্রদান করেন।

তবে তদন্তে জানা গেছে, আসামিরা বর্তমানে সবাই দেশের বাইরে অবস্থান করছেন এবং আত্মসাৎকৃত অর্থের বড় অংশ বিদেশেও পাচার করা হয়েছে।

ধামাকা শপিং প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহক ও সেলার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ব্যাংক হিসাব না থাকলেও তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের হিসাব ব্যবহার করে লেনদেন পরিচালনা করত।

সাউথইস্ট ব্যাংকের একটি হিসাব বিশ্লেষণে দেখা গেছে, সেখানে ধামাকা শপিংয়ের ব্যবসা সংক্রান্ত প্রায় ৫৮৮ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে, অথচ ২০২১ সালের ২৭ জুন হিসাবটিতে মাত্র ৯৩ হাজার ৭৩১ টাকা স্থিতি ছিল, যা সম্পূর্ণ অস্বাভাবিক এবং আর্থিক জালিয়াতির প্রমাণ বহন করে।

সিআইডির তদন্তে আরও জানা গেছে, ধামাকা শপিংয়ের মাধ্যমে গ্রাহকদের থেকে আত্মসাৎকৃত অর্থ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এমনকি মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অ্যাকাউন্টেও এসব অর্থ অবৈধভাবে হস্তান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত।