ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সরিষাবাড়ীতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ শুরু

দৈনিক বাংলা পত্রিকার ২৭ মে প্রকাশিত প্রতিবেদন ‘চরম বিপাকে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ, সরিষাবাড়ীতে পানি নিষ্কাশনের অভাবে সামান্য বৃষ্টিতেও বাজারে জলাবদ্ধতা’ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা এলজিইডি। এরই ফলে জলাবদ্ধতা নিরসনে গত বৃহস্পতিবার থেকে ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে তাদের টিম।

পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিন ধরে চলা অসুবিধাকে বিবেচনায় নিয়ে, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দুই লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

ড্রেন নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ঠিকাদার রুকনুজ্জামান তালুকদার এবং যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।

এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পানি নিষ্কাশনের সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে উপজেলা পরিষদের সহযোগিতায় এবং এডিপির অর্থায়নে এই ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে সরিষাবাড়ীর বাজারের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই দূর হবে এবং ব্যবসায়ীদের ও স্থানীয় জনসাধারণের চলাচল ও জীবনযাত্রা সহজতর হবে।