ইরান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশি নতুন ভিসা গ্রহণ বা পুরোনো ভিসার মেয়াদ সংক্রান্ত জটিলতার সম্মুখীন হচ্ছেন, তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোরদার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে প্রবাসীরা যাতে নিরাপদে জীবনযাপন এবং কাজ করতে পারেন—তার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় সংশ্লিষ্ট স্থানীয় দূতাবাসগুলো সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। প্রবাসীদের প্রয়োজনীয় সাহায্য, কনসুলার সেবা ও সহায়তা প্রদানে দূতাবাসগুলো যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী কর্মীদের উদ্বেগ কমাতে সরকারিভাবে নেওয়া পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যে কোনো প্রয়োজনে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।







