ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরুর পরিকল্পনা

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন করার পরিকল্পনা ঘোষণা করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। সংসদ অধিবেশনের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের প্রশ্নোত্তর টেবিলের মাধ্যমে এই সূচনা হয়।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জিজ্ঞাসা করেন, বর্তমানে গাইবান্ধা জেলায় খাল খনন কর্মসূচির জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কি না ও থাকলে তার বিবরণ চেয়েছেন।

জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল নদী, খাল, জলাধার খনন ও পুনঃখননের জন্য বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছে সরকার। তিনি আরো জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয় সমন্বয় করে দেশের বিভিন্ন স্থানে ১,২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হয়েছে। এরপর আগামী পাঁচ বছরের মধ্যে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে মোট ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জুন ২০২৬ পর্যন্ত কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের মাধ্যমে ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করবে।

মন্ত্রী আরও জানান, গাইবান্ধা জেলায় তিনটি খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে, যা স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে চলছে। পাশাপাশি, বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে।