ঢাকা | বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে কৃষকের হৃদরোগে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টানা বৃষ্টিতে জমির ধান পানিতে তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (০২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি হরমুজ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে আটটায় আহাদ মিয়া শ্রমিকদের নিয়ে হাওরের ৬ বিঘা জমির পাকা ধান কাটতে যান। সেখানে পৌঁছাতে দেখেন তার জমি পানিতে তলিয়ে গেছে। ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং কিছু সময় পর মৃত্যুবরণ করেন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই ও ইউপি সদস্য আহামেদ আলী জানায়, নিজের চোখের সামনে ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে আহাদ সহ্য করতে পারেননি। এ নিয়ে মনস্তাত্ত্বিক চাপ ও হৃদরোগে তিনি মারা গেছেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহীনা নাছরিন বলেন, টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। ধান কাটার জন্য জমিতে যাওয়ার সময় এক কৃষক মারা গেছেন—এমনটি আমাদের জানাতে পেরেছি।