ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয়: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোন না কেন, ‘মব জাস্টিস’ বা জনতার উচ্ছৃঙ্খল বিচার কখনোই সমর্থনযোগ্য নয়।

তিনি বলেন, ‘‘গত তিনটি নির্বাচন ছিল একেবারেই শেখ হাসিনার ব্যক্তিগত নাটক। এসব নির্বাচনের সময়কার সকল নির্বাচন কমিশনাররা ফ্যাসিবাদের অংশীদার ছিলেন। তবুও তারা যত বড় অপরাধী হোক, তাদের বিচার আইনের মাধ্যমে করতে হবে, জনতার হাতে তুলে দেওয়া উচ্ছৃঙ্খল বিচারের মাধ্যমে নয়।’’

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘‘আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের প্রধান দায়িত্ব হলো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মব জাস্টিসের মতো অবৈধ ও অনির্বচনীয় কার্যক্রম বন্ধ করা। দলের কেউ যদি মব জাস্টিসের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

রিজভী প্রশ্ন তুলেছেন, ‘‘আদালতের উপস্থিতিতে পুলিশকে কি আসামিদের হেনস্তা করতে দেয়? এটা কী আইনের শাসন?’’

তিনি বলেন, ‘‘ভোটবিহীন নির্বাচন আয়োজনের জন্য দায়ী সাবেক তিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিএনপি আইনগত প্রক্রিয়ায় তাদের অপরাধের বিচার চাই।’’

রিজভী দাবি করেছেন, ‘‘দেশে করোনার সংকট আবার বাড়ছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না; একইভাবে ডেঙ্গু পরিস্থিতির অবনতি লক্ষণীয়। দ্রুত স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে।’’

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিনসহ আঞ্চলিক নেতা ও কমিটির অন্যান্য সদস্যেরা উপস্থিত ছিলেন।