ঢাকা | সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদর্শ শিক্ষকহীনতায় মাদকের প্রসার বাড়ছে: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদর্শ শিক্ষক ও গুণগত শিক্ষার অভাবের ফলে সমাজে অধঃপতন হওয়া ও মাদকের প্রসার বাড়ছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় টেকসই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। উৎসর্গবোধ ও দায়বোধ হারিয়ে ফেলায় শিক্ষাব্যবস্থা নিম্নমুখী হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞানে আলোকিত হতে পারছে না। তিনি বাড়তি জোর দিয়ে বলেন, শিক্ষক যদি প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হন, তাহলে শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়।

শিক্ষার উৎকর্ষতা সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদার উদ্দেশ্যমূলকভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। যারা শিশুর খাদ্যে এভাবে কৃত্রিমভাবে ছলনা করে, তারা মানবতার শত্রু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, শুধুই পাঠ্যবইয়ের জ্ঞান দিয়েই হবে না, ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তার ভাষ্যে, শিক্ষার সঙ্গে পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা গড়ে তোলা সমান জরুরি।

অনুষ্ঠান সু-সংগঠিতভাবে পরিচালনা করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনসহ অনেকে বক্তব্য রাখেন।