ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেক ভাইয়েরও

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টার

দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আক্তারুজ্জামান (৫৫) ও তার সেজো ভাই আলম হোসেন (৪০)। তারা উভয়েই একই

গ্রামের মৃত ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে আক্তারুজ্জামানকে

হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা

মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আলম হোসেনকে স্থানীয়রা দ্রুত দামুড়হুদা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বাড়ির উঠানে গবাদিপশুর জন্য ঘাস কাটার মেশিনে

কাজ করছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। এ সময় মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি

বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা সেজো ভাই আলম হোসেন তাকে বাঁচাতে গেলে তিনিও

বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে

দ্রুত হাসপাতালে নিয়ে যান।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘প্রাথমিকভাবে জানা

গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো

হয়েছে।’