ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

পাবনার সাঁথিয়া উপজেলায় গুরুতর একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা-পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় শুক্রবার সকাল ছয়টার দিকে যাত্রীবাহী একটি বাস এবং পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও অন্তত দশজন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) ও আতাইকুলা থানার কারিগর পাড়ার ইরাদ আলী প্রামানিকের ছেলে মনসুর আলী (৪০)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন এবং আহত হন আরও অন্তত দশজন যাত্রী।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে দ্রুত তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-পাবনা মহাসড়কের ওই অংশে যান চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়েছিল। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।