ঢাকা | সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর বনানী থানার অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান, যাতে মামলার সুষ্ঠু তদন্ত করা যায়। অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত বছরের ২৫ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। স্থগিত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে বিনা শর্তে থানায় জমা দিতে বলা হয়েছিল। এ সময়ের মধ্যে অস্ত্র বা গোলাবারুদ না জমা দিলে তা অবৈধ অস্ত্র গণ্য করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে নিজে বা প্রতিনিধি মাধ্যমে বনানী বা অন্য কোনো থানায় আগ্নেয়াস্ত্র জমা দেননি এবং থানায়ও এ বিষয়ে কোন তথ্য দেননি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গেলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ২৪ মে বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে, গত ১৩ আগস্ট গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নৌপথে রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী অবস্থায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছিল।