ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন, কিন্তু তাঁর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স (২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) স্থগিত করা হয়েছে। একইসাথে স্থগিত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করা হবে। আনিসুল হক নির্ধারিত সময়ে নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে বনানী অথবা অন্য কোনো থানায় অস্ত্র জমা দিয়েছেন কি-না, তা নিশ্চিত নয় এবং তিনি থানায় এ ব্যাপারে কোনো তথ্য প্রদান করেননি। তার অস্ত্রের লাইসেন্সের ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর ২৪ মে বনানী থানার সংরক্ষিত কর্মকর্তা মো. জানে আলম দুলালের তত্ত্বাবধানে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। উল্লেখ যে, গত ১৩ আগস্ট গোপন সূত্রে খবর নিয়ে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।