তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্প্রচার ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি সভায় তিনি এ আশা প্রকাশ করেন। এ সভায় কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবাপ্রদান এবং ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্ম সংক্রান্ত নীতিমালা প্রণয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবাপ্রদান এবং ওটিটি প্লাটফর্ম বিষয়ক কার্যক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পর্কিত বিভাগগুলো অংশ নেয়। কোথায় কী কাজ হবে, তা ‘এলোকেশন অব বিজনেস’ মডেলের মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি বলেন, দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে আধুনিক সম্প্রচার ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় বলেন, সম্প্রচার ব্যবস্থা যেন আরও আধুনিক ও জনগণের কাছে সহজলভ্য হয়, সেটি নিশ্চিত করতে একটি প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা জরুরি। এই পরিকল্পনায় বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে অন্তর্ভুক্ত করার দিকেও দুই মন্ত্রণালয় কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, লাইসেন্সিং, মনিটরিং ও মনিটাইজেশনের ক্ষেত্রে দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে সিদ্ধান্তে পৌঁছাবে বলে মনে করেন।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই সভা থেকে একটি যুগোপযোগী ও জনগণকেন্দ্রিক সম্প্রচার পরিবেশ গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।









