ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনতে আজ রোববার থেকে সারা দেশে ব্যাপকভাবে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করবে এবং কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুরোপুরি রাষ্ট্রের।’

তিনি আরও জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ছয়জনকে ঘটনা সম্পর্কিত ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটি নিশ্চিত করেছেন তিনি।

সরকার এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সচেতন এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে অপরাধীদের গ্রেপ্তার করছে।

তিনি আরও বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার কাজ চলছে। এ ছাড়াও খুলনার হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার কোনো অবস্থাতেই অপরাধী বা দোষীদের ক্ষমা করবে না, তা তাদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় যাই হোক। কেউ অপরাধী থাকলে পুলিশ তাকে প্রশ্রয় দেবে না।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস নেই এবং জনগণের নিরাপত্তা সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে এবং এই কাজ ডিসেম্বর মাসের মধ্যে সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে। তারা যথাসময়ে ও সুচারুভাবে তাদের অংশের কাজ শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।