ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাননীয় প্রশাসক মো. শাহজাহান মিয়া তিন চাকার ব্যাটারি চালিত ই-রিক্সা প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য আজ মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে ই-রিক্সা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় জুলাইয়ের ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের কমিউনিটি সেন্টারগুলোতে প্রশিক্ষণের প্রথম ধাপ শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমে মোট ১৫০ জন প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে যারা অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রথম ধাপে মোট ৪৫০০ জন ই-রিক্সা চালক এই প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণার্থীদের জন্য সম্মানী এবং খাবারের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশাসক মো. শাহজাহান মিয়া, তিনি উল্লেখ করেন, “অনিয়ন্ত্রিত ও অনিরাপদভাবে চলাচলকারী ব্যাটারিচালিত রিক্সার কারণে নগরীর যানজট বাড়ছে এবং মানুষের দৈনন্দিন জীবন যথাযথভাবে চলাচল করতে পারছে না।” তিনি আরও বলেন, “সরকারি উদ্যোগে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই-রিক্সার সুষ্ঠু নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে, যা যানজট কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। মাত্র ৫০ টাকায় প্রশিক্ষণ সম্পন্ন করে প্রত্যেক রিক্সা চালক ড্রাইভিং লাইসেন্স অর্জন করবে, যার ফলে এই খাতকে শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং মহা-ব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।