ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার অভিযোগে ৬ বাংলাদেশি আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), নেত্রকোণার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোণার মোহনগঞ্জ বরহাতুনি গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫) এবং ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।

ঘটনাটি শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ঘটে। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিরেন্দ্রনগর বিওপি’র একটি বিশেষ টহল দল প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাঘাটা নামক স্থানে তাদের আটক করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা কয়েক মাস আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান করছিল। তারা সঠিক মজুরি না পাওয়ায় এবং চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিল, তখন বিজিবি তাদের আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।