আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজিত করার লক্ষ্যে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
পরবর্তীতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের এই তিন মাস জুড়ে মোট দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে নির্বাচন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
এছাড়া, নিরাপত্তা আরও শক্তিশালী করতে কতৃক তিন মাসের এই প্রস্তুতির পাশাপাশি নির্বাচনের সময় প্রায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
এই উদ্যোগ দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং জনগণের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।








