মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘‘জুলাই থাকবে’’—মীর মুগ্ধ মঞ্চ সেই বার্তা দিয়েছে। এটি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বাংলাদেশে কোনোদিন স্থায়ী হতে পারবে না।
সোমবার (৪ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘‘জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে’’ উত্তরা ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরোবরে নির্মিত “মুগ্ধ মঞ্চ” উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদা আখতার।
তিনি জানান, গত ১৫-১৭ বছর ধরে সাধারণ মানুষ মুক্তভাবে নিজের মনের কথা প্রকাশ করতে পারেনি। তবে এর মানে এই নয় যে ভবিষ্যতেও জনগণ তাদের অভিযোগ তুলে ধরতে পারবে না কিংবা শাসকগোষ্ঠী নির্বিঘ্নে ক্ষমতায় থাকবে। মীর মুগ্ধ মঞ্চ সেই প্রতিবাদের এক শক্ত প্রতীক।
শহীদদের বাবা-মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা যেসব দাবি তুলেছেন, আমরা সেগুলোকে পূর্ণ সমর্থন করি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনও মায়ের বুক শূন্য থাকবে না, আর কোনও বাবাকে তার সন্তান হারানোর বেদনা বহন করতে হবে না।’’
ফরিদা আখতার আরও বলেন, ‘‘আমরা অবশ্যই আন্দোলন ও প্রতিবাদ করব, কিন্তু বুকে গুলি চালানো পুলিশের মতো বাহিনী আমরা চাই না।’’ ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ‘‘সেদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলেছিল, রাষ্ট্রের সংস্কার দরকার। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা আবারো রাষ্ট্রের কাছে তাদের দাবির প্রতিফলন দেখিয়েছেন। তাই বলছি, রাষ্ট্রের সংস্কার অব্যাহত থাকবে এবং তা আমাদের সবাইকে অব্যাহত রাখতে হবে।’’
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, নারী শহীদ নাঈমা সুলতানার মা, শহীদ জাবিরের বাবা এবং জুলাইয়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত যোদ্ধা আব্দুল আজিজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।








