স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টকে সামনে রেখে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, তবে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তিনি বলেন, ‘‘সরকারকে সবসময় সতর্ক থাকতে হয়। এজন্য বিভিন্ন সভা আয়োজন করা হয় এবং সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়।’’
রবিবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনি ও নিরাপত্তা নিয়ে কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।
উপদেষ্টা আরও বলেন, ‘‘৫ আগস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর রহমত ও সকলের সহযোগিতায় সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতাও গ্রহণ করা হয়েছে।’’
বিশেষ অভিযানের প্রসঙ্গে তিনি জানান, ‘‘দেশব্যাপী এই অভিযান চালু রয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে। ইতোমধ্যে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বাকি থাকা অস্ত্র উদ্ধার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।’’
মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘‘এই সমস্যা থেকে উত্তরণের জন্য পরিবারের এবং সমাজের উভয়ের সক্রিয় সচেতনতা প্রয়োজন।’’ মব সহিংসতা বিষয়ে তিনি জানান, ‘‘এ ধরনের সহিংসতা আগের তুলনায় অনেক কমে এসেছে এবং আরও কমিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।








