বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের হত্যা করা হবে কোনভাবেই ক্ষমা করা হবে না। যে কেউ যদি হত্যাকারীদের রক্ষা করতে চায়, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিচার বিভাগ যদি আমাদের কাছে সাহায্য চায়, তবে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব, কারণ জনগণের দাবি স্পষ্ট—‘জুলাই হত্যাকারীদের ফাঁসি দিতে হবে’।
মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ মুক্তির বছর পূর্তির আনন্দ র্যালি ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত জনসমাবেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা জাতিকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রকে মেরামত করার প্রচেষ্টা অব্যাহত আছে। এখন জাতির মুক্তির জন্য একটাই পথ অবলম্বন করতে হবে, সেটা হলো পলাতক নেত্রী শেখ হাসিনা ও সকল হত্যাকারীদের সঠিক বিচার এবং অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা।’
তিনি সতর্ক করে বলেন, ‘আমরা অনেক বড় কথা বলি, কিন্তু যদি দলের ভিতরে মাদক ব্যবসায়ী বা অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত গডফাদার থাকে, তাহলে জনগণ তা মেনে নেবে না।’ হাজারো জনতা মিলিত হয়ে স্লোগান দেয়, যা এ মুহূর্তের জনগণের স্পষ্ট অভিব্যক্তি।
স্বপন আরও যোগ করেন, ‘গডফাদাররা যদি বাহিনী নিয়ে হামলা করে, তাহলে আমরা গৌরনদী ও আগৈলঝাড়ায় যেমন ৫ আগস্ট গডফাদারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলেছি, ভবিষ্যতেও করব; সেটা বিএনপি করুক বা আওয়ামী লীগ। কোন ধরনের অবৈধ শক্তিকে আমরা সবাই মিলে রুখে দিবো।’
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম, এছাড়াও আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ এবং নিহত শহীদের স্বজনরা বক্তব্য দেন।
সমাবেশ ও র্যালিতে দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব ও জাতির মুক্তির সংগ্রামকে গুরুত্বারোপ করা হয়।








