ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস উৎসবমুখর পরিবেশে পালিত

পাকিস্তানের ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টায় ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ উপলক্ষ্যে মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং স্থানীয় পাকিস্তানি নাগরিকসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। পরে দূতালয়ের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং এই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারাও অংশ নেন এবং প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় মিলিত হন। আলোচকরা স্মরণ করেন কিভাবে ছাত্র সমাজ এবং জনগণের সাহসী ভূমিকা এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য একত্রে কাজ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার সবাইকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিকভাবে পরিচালনার জন্য একযোগে কাজ করার আহবান জানান এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনা শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরিশেষে, হাইকমিশনার অতিথিদের সঙ্গে দূতালয়ে স্থাপিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে।