চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদের পরিমাণ ছিল ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি অনুযায়ী গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪.১৩ লাখ টন।
নতুন অর্থবছরের শুরুতেই চালের মজুদ বেড়ে ১৫.৪১ লাখ টনে উন্নীত হয়েছে। তবে, অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত এবং আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে মাত্র ২.২৩ লাখ মেট্রিক টনে এসে দাঁড়িয়েছে।
সরকারি বিভাগগুলি চাল ও গমের মজুদ বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে, যা দেশের খাদ্যসংকট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








