ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

অস্ট্রেলিয়ায় ১১ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

২০২৫ সালের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। এশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্স এই টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া বিগ ব্যাশ লিগের কয়েকটি দলসহ মোট ১১টি দল এই প্রতিযোগিতায় খেলবে, যেখানে বাকি দলগুলোর নাম পরে ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে আয়োজিত এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার তৃতীয়বার অংশ নিতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স দল। ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশের ‘এ’ দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায়, তবে এবারের টুর্নামেন্টে ১৪ আগস্ট উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ এবং পাকিস্তান ‘এ’ দল মুখোমুখি হবে।

নর্দান টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, “পিসিবি ও বিসিবিকে আবারও ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুমাত্র ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং নর্দান টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ এবং পড়াশোনার জন্য আরও আকর্ষণীয় করে তুলার একটি দিকও রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের মতো বিশ্বের জনবহুল দেশগুলোর অংশগ্রহণ এই আসরকে আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ গুরুত্ব দিয়েছে।”

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ডারউইনে ফিরে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখানে খেলা আমাদের উদীয়মান ক্রিকেটারদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, যেখানে আমাদের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা অর্জনের সুযোগ পাবে।”