ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনের একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আনিসুল হকের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জামিন আবেদনের অনুমতি না দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ আছে, গত বছরের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়। এই প্রজ্ঞাপনে এমন নির্দেশ দেয়া হয় যে, স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক নিজে অথবা কাউকে প্রতিনিধি হিসেবে নিয়ে আগ্নেয়াস্ত্র বনানী থানায় বা অন্য কোথাও জমা দেননি। তিনি থানাকেও বিষয়টি অবহিত করেননি। তার অস্ত্রের লাইসেন্স এ উল্লেখিত ঠিকানায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। এসব অভিযোগের ভিত্তিতে গত ২৪ মে অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করা হয়, যা দায়ের করেন বনানী থানার এসআই (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।