ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আ.লীগ পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকের ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, ‘‘ফ্যাসিবাদী স্বাধীনতাবিরোধী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতীয় নীতিনির্ধারকরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না। লন্ডনে ড. মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশগুলোতে ষড়যন্ত্র শুরু হয়েছে।’’

আজ শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের প্রামাণিক, চলতি নামে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও তারেক রহমানের শুভেচ্ছাও তিনি পৌঁছে দেন।

রিজভী বলেন, ‘‘ফ্যাসিবাদের ১৬ বছরে দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেক নেতা-কর্মী এখনো গুমের শিকার। মামলা ও গ্রেপ্তার থেকে কেউ রক্ষা পায়নি। ফ্যাসিবাদের সময় ছিল অত্যন্ত ভয়াবহ। তবে এখন আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি, নির্বিঘ্নে কথা বলতে পারছি। যখন ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠক হয়, তখনই পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘১৬ বছর ধরে নিপীড়নের শিকার হয়েছি; কিন্তু অন্যদিকে স্বৈরশাসক লুটপাট করে দুর্নীতির আশ্রয়ে দুবাই, কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে স্বচ্ছল জীবনযাপন করছে। স্বৈরশাসক শেখ হাসিনা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে। আমরা নির্যাতিত হয়েছি, তবুও তার কাছে মাথা নত করিনি।’’

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে, সময়মতো অনুষ্ঠিত হবে। অনেক দলই এ দাবি জানিয়েছে এবং সেই আলোকে নির্বাচন পরিচালনা করা হবে। আমরা নির্বাচনের সময় নিয়ে যৌক্তিক দাবি জানিয়েছি এবং এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে।’’

তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘অনেক ত্যাগ স্বীকার করে, শ্রমের মাধ্যমে সংসার চালিয়েও তিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। জেলা বিএনপিকে সর্বদা তার খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছি। আপনার পাশে সবাই দাঁড়াবে, আজ আমরা তারেক রহমানের পক্ষ থেকে তার জন্য এই উপহার নিয়ে এসেছি।’’

এসময় তার সঙ্গে ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম এবং এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম।

আবু তাহের প্রামাণিক, চলতি নামে তাহের ঠাকুর, তিন যুগেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনে চাটমোহর উপজেলা শ্রমিদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জেনে দ্রুত আর্থিক সহায়তা ও খোঁজখবর নিতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেন।