ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকরা ষড়যন্ত্র করছেন: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘ফ্যাসিবাদী দল, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার পতন সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর থেকে পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র শুরু হয়েছে।’’

আজ শুক্রবার দুপুরে, তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। তিনি তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং তারেক রহমানের শুভেচ্ছাও হাতে তুলে দেন।

রিজভী আরও বলেন, ‘‘ফ্যাসিবাদের ১৬ বছর শাসনে দেশজুড়ে নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছে, অনেকের এখনো গুম রয়েছে। নেতা-কর্মীরা মামলা, গ্রেপ্তার থেকে মুক্তি পায়নি। ফ্যাসিবাদী শাসনকালে ত্যাগ-দুঃখ ছিল ভয়ংকর হলেও, আজ আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি এবং ভয়মুক্তভাবে কথা বলতে পারছি। ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্রের চেষ্টা শুরু হয়েছে।’’

তিনি আরো উল্লেখ করেন, ‘‘১৬ বছর ধরে নিপীড়নের পাশাপাশি অনেক নেতা এবং তাদের পরিবার দুবাই, কানাডা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সুখী জীবনযাপন করেছে। শেখ হাসিনা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে মিথ্যা প্রচার চালিয়েছে। আমরা নির্যাতনের শিকার হলেও কখনো তাঁর কাছে আত্মসমর্পণ করিনি।’’

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, ‘‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং যৌক্তিক সময়েই হবে। অন্যান্য দলও যে দাবি করেছে, সেই আলোকে নির্বাচন হয়ে যাবে। এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে।’’

তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘‘লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি দলকে জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। জেলা বিএনপিকে সর্বদা তাঁর খোঁজ-খবর রাখতে বলেছি। আপনার পাশে সবাই দাঁড়াবে। আজ আমরা তারেক রহমানের পক্ষ থেকে তাঁর জন্য উপহার নিয়ে এসেছি।’’

এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

অতীতে চাটমোহর উপজেলা শ্রমিকদলের সভাপতি ছিলেন আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুর। তিন যুগেরও বেশি সময় রাজনৈতিক কর্মজীবন অতিবাহিত করা এই ত্যাগী নেতার অসুস্থতার খবর প্রচারিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজরে আনেন এবং আর্থিক সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।