চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে নিয়মিত মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি আরও জানান, ভাতার পাশাপাশি এই যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সুবিধাও পাবেন।
গতকাল সোমবার বাসসকে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘‘মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে আমাদের ৫৪ বছর লেগেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মাত্র সাত-অষ্টমাসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। এটি সরকারের আন্তরিকতার একটি স্পষ্ট প্রমাণ। ভবিষ্যতেও আমরা আহতদের চাকরি, ব্যবসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।’’
তিনি জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে আলাদা একটি অধিদপ্তর গড়ে তোলা হয়েছে এবং বিশ জন অফিসার নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই অধিদপ্তর সার্বক্ষণিকভাবে জুলাই যোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করছে।
উপদেষ্টা আরও বলেন, ‘‘জুলাই যোদ্ধারা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার ও জনগণ তাঁদের ত্যাগের মর্যাদা সংরক্ষণ করবে এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করবে।’’
তিনি শহীদদের খোঁজ নিয়ে সরকারের আন্তরিক মনোভাবও ব্যক্ত করেন। যাদের নামগুলো গনকবর থেকে ডিএনএ সংগ্রহ করে শনাক্ত করা সম্ভব হলে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মাসিক ভাতার জন্য জুলাই যোদ্ধাদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’ শ্রেণীর জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা, ‘বি’ শ্রেণীর জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ শ্রেণীর জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তাঁদের জন্য সনদ ও পরিচয়পত্র প্রদান করা হবে।
গেজেট আকারে মোট ৮৩৪ জন ‘জুলাই শহীদ’ এর তালিকা প্রকাশ করা হয়েছে। শহীদের পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা দেওয়া হবে, যার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা দেয়া হয়েছে এবং বাকি ২০ লাখ আগামী অর্থবছরে দেয়া হবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যদের সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।
আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ‘‘এ’’ ক্যাটাগরির যোদ্ধারা যারা গুরুতর আহত এবং স্বনির্ভর না, তারা এককালীন ৫ লাখ টাকা সহ ২০ হাজার টাকা মাসিক ভাতা পাবেন। বর্তমানে এসব যোদ্ধার ৪৯৩ জন রয়েছেন। এছাড়াও তাদের জন্য আজীবন চিকিৎসাসুবিধা, বিদেশে চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।
‘‘বি’’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ৯০৮ জন যোদ্ধা আংশিকভাবে স্বনির্ভর, তাঁদের ৩ লাখ টাকা এককালীন অর্থ সহ ১৫ হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে। আর ‘‘সি’’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪২ জন সুস্থ যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন এবং আগামী মাস থেকে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।
উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করতে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবে পালিত হবে এবং এটি ভবিষ্যতে জাতীয় দিবস হিসেবে যথাযথ গুরুত্ব পাবে।
তিনি আরও জানান, শহীদ পরিবারের মধ্যে যাদের মধ্যে ওয়ারিশের জটিলতা রয়েছে, তার দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। তাছাড়া আহত যোদ্ধাদের তালিকা সংশোধন ও ভুলের সংশোধনেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।







