ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই এতিম লালন-পালনের স্বার্থকতা: ধর্ম উপদেষ্টা

এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা

প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের

সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই এতিম লালন-পালনের স্বার্থকতা

নিহিত।

রবিবার (৬ জুলাই) বিকালে চট্টগ্রামের তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময়

সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ হয়। সামর্থ্য থাকা

সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে

নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি।

হাদীসের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের

ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আর

সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।

ড. খালিদ বলেন, আমাদের সবার উচিত এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কাজ হাতছাড়া না

করা। এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব।

এতিম শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।