ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা কর্তৃপক্ষ

কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও পরিচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি হঠাৎ করে বন্ধ করে দেয় মেটা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনাটি ঘটে, এবং জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা পর্যায়ের নেতারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিন ধরেই মুফতি আমির হামজার ফেসবুক পেজটি একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এর ফলে মূলত মেটা (Meta) কর্তৃপক্ষ এই পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। জামায়াত নেতারা অভিযোগ করেন, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের জন্য নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর রিপোর্টিংয়ের ফল।

প্রেস বিজ্ঞপ্তিতে এনামুল হক বলেন, “আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের জন্য জানাই যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়েছে।” এ ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত একটি নির্দিষ্ট মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরাতে পারবে না।”

দলীয় সূত্রে জানা গেছে, পেজটি পুনরুদ্ধার করার জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এই সংকটকালে সমর্থকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা কোনও ভুয়া আইডি বা গুজবের মাধ্যমে বিভ্রান্তিতে না পড়েন এবং ধৈর্য্য ও সচেতনতা বজায় রাখেন। এনামুল হক আরও জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফেসবুক পেজটি অদৃশ্য হয়ে যায় এবং এর বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। মুফতি আমির হামজার অনুসারীদের বিভ্রান্ত না করার জন্য আইনি ও কারিগরি পদক্ষেপ দ্রুত নেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।