ঢাকা | শুক্রবার | ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরল

ইরাকের বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মরদেহ গ্রহণ করেন বাংলাদেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহটি ঢাকায় পৌঁছালে প্রতিমন্ত্রী গভীর শোক ও সম্মান প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, যা দাফন-কাফনের খরচের জন্য দেওয়া হয়েছে।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান তিনি। সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত মিসাইল হামলার ফলে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। এই অকাল মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনা হয়। ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK0843-এর মাধ্যমে এটি পাঠানো হয়েছিল। তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়। গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।