ঢাকা | শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। পাশাপাশি, অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকালে ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে এবং আহতের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনার প্রেক্ষিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে জরুরি সেবা চালু করা হয়েছে।

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবনও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পরপরই দুর্ঘটনাগ্রস্থ হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং দূর থেকে দৃশ্যমান বিশাল ধোঁয়ার স্তূপ দেখা গেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।