ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এম. জহির উদ্দিন স্বপন: জুলাই হত্যাকারীদের কঠোর বিচার ও অবাধ নির্বাচনের দাবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে যারা নিরীহ আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। হত্যাকারীদের রক্ষা করতে যারা সহায়তা করবে, তাদেরও বিচার করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, বিচার বিভাগ যদি রশি চায়, আমরা রশি সরবরাহ করব কারণ জনগণের দাবি স্পষ্ট—”রশি লাগলে রশি নে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দে।”

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজিত ফ্যাসিবাদ মুক্তির বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও পূর্ব জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজার হাজার জনতা ও দলীয় নেতাকর্মীরা মূহূর্তে মূহূর্তে স্লোগান করে সমাবেশকে ভরিয়েছেন। জহির উদ্দিন স্বপন আরও বলেন, জাতিকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছি, যার মূল নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। তিনি রাষ্ট্র মেরামতের মাধ্যমে দেশের উন্নয়নমূলক পথ প্রশস্ত করছেন।

তিনি জোর দিয়ে বলেন, জাতির মুক্তি নিশ্চিত করতে এখন একটাই কাজ বাকী—পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল খুনিদের বিচার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

সমাজের মধ্যে যদি মাদক ব্যবসায়ী বা গডফাদারাদির প্রবেশ স্পষ্ট হয়, তা আমরা কেউ মেনে নেব না। দলের কোনো অবস্থানেই এই অপরাধীদের স্থান নেই, এরপরও যদি বিরাট শক্তি নিয়ে তারা আক্রমণ চালায়, তবে গৌরনদী ও আগৈলঝাড়ার জনগণ, বিএনপি ও আওয়ামী লীগসহ যেকোনো গডফাদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি জানান।

গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বোস্টন থেকে নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টুসহ ফ্যাসিবাদ বিরোধী ১৭ বছরের আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবের শহীদদের স্বজনরা।

র‍্যালি ও সমাবেশে গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন মিছিল নিয়ে অংশগ্রহণ করে মঞ্চের উদ্বোধনী পরিবেশকে সজীব ও প্রাণবন্ত করে তোলে।