ঢাকা | মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় পাহাড়ি পুঞ্জিতে শান্তির বার্তা দিলেন ওসি

মৌলভীবাজারের কুলাউড়া থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে এক আইনশৃঙ্খলা বিষয়ক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর মিশন স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা অনুযায়ী, পাহাড়ি এলাকায় অপরাধ রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ চালিয়ে যাব। ওসি আরও জানান, কুলাউড়া থানার পুলিশ সব সময় তাদের পাশে থাকবে এবং বৈষম্যহীন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে সমাজের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের চলমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত ব্যক্ত করেন। পাশাপাশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্শ্ববর্তী বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর আলোচনা হয়।

এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকঞ্জি, এসআই মুস্তাফিজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভা পরিবেশে শান্তি ও সৌহার্দ্যের বার্তা যায়।