ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণতান্ত্রিক অধিকার ও মুক্ত নির্বাচন দুটোই আমরা চাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতান্ত্রিক অধিকারসহ সুষ্ঠু ও অবাধ নির্বাচন—দুটোই নিশ্চিত করতে চাই। শুধু গণতন্ত্রের অস্তিত্ব যথেষ্ট নয়, এর অধিকার ও দায়িত্ব সম্পর্কে প্রতিটি মানুষের সচেতনতা থাকা দরকার। দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে পারে।

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা শুধু ভোট ও নির্বাচনের ব্যাপারে সীমাবদ্ধ থাকি না, আমরা ছাত্রদের অধিকারসহ সব ধরনের গণতান্ত্রিক অধিকার চেয়ে থাকি। গণতন্ত্র শুধু প্রধান প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি জীবন্ত প্রক্রিয়া যার সঙ্গে দায়িত্বও জড়িত। সেই দায়িত্ব পালনে আমাদের সকলের সচেষ্ট হতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘জাতির পুনর্গঠনের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের ছাত্রদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। বর্তমান বিশ্বে টেকনোলজির আধিপত্য যে অত্যন্ত শক্তিশালী, সেখানে পিছিয়ে পড়া মানেই হার। তাই প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে থাকতে হবে।’’

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা যত বিপ্লব আর আন্দোলন করলেও দেশের শিক্ষার মান এখন প্রায় সর্বত্র খারাপের দিকে যাচ্ছে। এর জন্য একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী না। তবে সামগ্রিকভাবে শিক্ষার মান খুবই উদ্বেগের কারণ।’’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দেশকে উন্নত ও সুন্দর করতে হলে শিক্ষায় মনোযোগ দিতে হবে। লেখাপড়ার বিকল্প কোনো পথ নেই। পাশাপাশি খেলাধুলা, অতিরিক্ত কার্যক্রমেও অংশ নিতে হবে। শারীরিক ও মানসিক দক্ষতা অর্জনে নিয়মিত অনুশীলন অপরিহার্য।’’

রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘‘এই স্কুলের মান অত্যন্ত ভালো ছিল, জেলার মধ্যে এটি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। যারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব হলো এ মান রক্ষা ও উন্নয়ন করা। শিক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না।’’