ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাদারীপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজ মিলিতভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় মাদারীপুরের সুচিয়ারভাঙ্গা গ্রামের তাওহীদ সান্ন্যামতের পরিবারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এতে জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ তাওহীদ সান্ন্যামতের পরিবারের সদস্যরা, মানবাধিকার সংগঠন, আসক ফাউন্ডেশনের জেলা সভাপতি সাংবাদিক ফায়েজুল শরীফ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, এনটিভির সাংবাদিক এম. আর মর্তুজা ও সময় টিভির সাংবাদিক সঞ্জয় চক্রবর্তী অভিজিৎসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে যারা ওই সময়কালে নিহত হয়েছেন, তাদের সকলের কবরেও পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।

পুষ্পমাল্য অর্পণের পর সকাল ১১টায় জেলা সমন্বিত সরকারী অফিস ভবনের হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ হাবিবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাসান, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাবেক আমীর মাওলানা আবদুস ছোবহান, সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলার ইউএনও ওাদিয়া শাবাবসহ জেলার চারটি উপজেলা কালকিনি, শিবচর, রাজৈর ও ডাসার ইউএনও বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও, শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক মোঃ নেয়ামতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ এবং নিহত ও আহতদের পরিবারের অভিভাবকরা। তারা তাদের ভাষণে উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ত সরকারের নির্মম গণহত্যার স্মৃতি আজও তাদের মনে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবী জানান, এক বছর পার হলেও নিহতদের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। তারা মাদারীপুর জেলা প্রশাসনের মাধ্যমে অনতিবিলম্বে ব্যবস্থা নিয়ে দৃশ্যমান বিচার, সর্বোচ্চ সাজা নিশ্চিত ও দ্রুত তা কার্যকরের আহবান জানান। নতুবা আবারো তারা গণঅবস্থান নিয়ে জীবনের বাজি ধরার হুশিয়ারি দেন। এছাড়াও নিহত ও আহত পরিবারের লোকজন সরকার থেকে যথাযথ সুযোগ-সুবিধা, ক্ষতিপূরণ এবং ভাতা প্রদানের দাবি জানান এবং দেশ থেকে সকল স্বৈরাচারী, মব জাস্টিস ও দুর্নীতিবাজদের নির্মূল করতে সরকারের কাছে জোরালো আহবান জানায়।