দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে কার্যকরী কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে সভাপতি করে ৩৫ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।
এই কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (সভাপতি), পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিভিন্ন নির্বাহী প্রকৌশলী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা। এছাড়াও সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা কালচারাল অফিসার, শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা বার অ্যাসোসিয়েশন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা প্রেসক্লাবের সভাপতি, শহিদ পরিবারের সদস্য, আহত সদস্য, এবং রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এই কমিটির অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিকল্পনা ও কর্মসূচির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এছাড়া জেলা পর্যায়ের বাস্তবতা অনুযায়ী প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং জাতীয় কমিটি ও নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করাই জেলা বাস্তবায়ন কমিটির মূল দায়িত্ব।
জরুরি প্রয়োজন হলে এই কমিটি নতুন সদস্য যুক্ত করতে পারবে এবং প্রয়োজন মোতাবেক সভা আহ্বান করবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরী হবে, যার মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ দেশের প্রতিটি অঞ্চলেই যথারীতি স্মরণীয় ও মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হবে।







