ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ডিএসসিসির কড়া নির্দেশনা

জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির প্রশাসক মোঃ আবদুস সালামের নির্দেশে সংস্থার ব্যয় সঙ্কোচন ও সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে সোমবার (৯ মার্চ) একটি দফতর আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িগুলোর জন্য জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ কমানো হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত যানবাহনের জ্বালানি ব্যবহারের পরিমাণও ২০ শতাংশ হ্রাস করার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে গ্রহণ করা অন্যান্য নির্দেশনাগুলোও আদেশে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে অফিসে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে। জানালা, দরজা ও ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অফিসের বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহারের ব্যবস্থা নিতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।

ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন ছাড়া চালানো যাবে না। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না।

অফিস সময় শেষ হওয়ার পর সব কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আলংকারিক বা অনাবশ্যক আলো সজ্জা পরিহার করার অনুরোধ রয়েছে।

ডিএসসিসি প্রশাসক সকল বিভাগ ও আঞ্চলিক অফিসকে এই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুশীলন করার নির্দেশ দিয়েছেন। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদের স্বাক্ষরিত ওই দপ্তর আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

এই পদক্ষেপের উদ্দেশ্য জাতীয় পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশগ্রহণ নিশ্চিত করা এবং চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় অবদান রাখা।