ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠি টিটিসির দুর্দান্ত সাফল্য: সারাদেশে তৃতীয় স্থান অর্জন

সারা দেশের ৬৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মধ্যে ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। প্রথম থেকে চতুর্থ সাইকেল পর্যন্ত সামগ্রিক দক্ষতা মূল্যায়নে ঝালকাঠি টিটিসি শতকরা ৮৭ শতাংশ দক্ষতা অর্জন করে সারাদেশে তৃতীয় স্থান লাভ করেছে।

গত ১৪ আগস্ট বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অডিটোরিয়ামে কারিগরি শিক্ষা বিষয়ক এসেট (ASSET) প্রকল্পের পঞ্চম সাইকেল সমাপনী ও ষষ্ঠ সাইকেল উদ্বোধনী অনুষ্ঠানে এই সাফল্যের কথা ঘোষনা করা হয়। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সচিবসহ বিএমইটির (BMET) সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসাইন বলেন, “এই সাফল্যের পেছনে আমাদের প্রতিটি ট্রেড ইনচার্জ, প্রশিক্ষক, অতিথি প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের অবদান অপরিসীম। ভবিষ্যতেও আমরা আরও উন্নত ফলাফল অর্জনের লক্ষ্যে একসাথে কাজ করে যাব।”

ঝালকাঠির এই সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি অঞ্চলটির দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে কম্পিউটার, সেলাই, ওয়েল্ডিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। নারীরাও বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের দক্ষতা বৃদ্ধি করছে। ঝালকাঠি টিটিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।