দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গার্মেন্টস ক্রেতা, বিপণন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য প্রসিদ্ধ ইনটেক্স বাংলাদেশের ১৬তম আসর আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)ত থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনীতে ১০টিরও বেশি দেশের ১২৫টির অধিক কোম্পানি অংশগ্রহণ করছে, যা বিশ্বব্যাপী ক্রেতা, সরবরাহকারী এবং উৎপাদনকারীদের জন্য একটি গতিশীল ও উৎসাহব্যঞ্জক মঞ্চ হিসেবে কাজ করবে।
পোশাক খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ ক্রমাগত নিত্যনতুন উদ্ভাবনী কৌশল ও উন্নতমানের দ্রুত উৎপাদন ক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের নজর কেড়েছে। ২০২৬ সালের মধ্যে তৈরি পোশাক শিল্পের রপ্তানি ৫৬ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের পথে ইনটেক্সের মতো প্ল্যাটফর্মগুলো সহযোগিতা, সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনা এবং টেক্সটাইল ও পোশাক শিল্পে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, এলএবিসিসিআই, কেবিসিসিআই এবং বিজিসিসিআই-এর মতো দ্বিপাক্ষিক বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশ এখন পোশাক খাতে বিশ্ব বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি দ্রুত টেকসই এবং মানসম্পন্ন পোশাক উৎপাদনে বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। উদ্ভাবন, কমপ্লায়েন্স ও দক্ষ কর্মী নিয়োগে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে আমরা দায়িত্বশীল ফ্যাশন ও টেক্সটাইল সোর্সিংয়ের আগামী অধ্যায়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। ইনটেক্স বাংলাদেশের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের কৌশলগত লক্ষ্য অর্জনে এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এই বছরের প্রদর্শনীতে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য প্যাভিলিয়নে ভারতের টেক্সপ্রোসিল এবং পেডেক্সিল তুলা, মিশ্র সুতা ও টেকসই টেক্সটাইল প্রদর্শন করছে। চীন টেকনিক্যাল ফ্যাব্রিক এবং গার্মেন্টস ট্রিম নিয়ে এসেছে, দক্ষিণ কোরিয়া পরিবেশবান্ধব পারফরম্যান্স উপকরণ প্রদর্শন করছে। থাইল্যান্ড ও জাপান প্রিমিয়াম শার্টিং এবং বোনা পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। বাংলাদেশি প্রদর্শনকারীরা নিটওয়্যার, ডেনিম এবং ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড উৎপাদন সমাধানে অগ্রগতি তুলে ধরেছে।
এক্সপোর মূল্যবোধ আরও বৃদ্ধি করতে ইন্টারেক্টিভ বিজনেস ফোরাম (আইবিএফ) নামে দুটি সেশনের আয়োজন করা হয়েছে। প্রথম সেশনে টেক্সটাইল উৎপাদন ও ফ্যাশনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযুক্তি নিয়ে আলোচনা হবে, আর দ্বিতীয় সেশনে বৈশ্বিক শুল্ক এবং বাণিজ্য পরিবর্তনের বাংলাদেশী রপ্তানিতে প্রভাব নিয়েও কথা বলা হবে। এই সেশনগুলোতে শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করবেন, যা ব্যবসায়িক স্থিতিস্থাপকতা ও বৃদ্ধির কৌশলগুলো তুলে ধরবে।
প্রদর্শনীর পাশাপাশি ইনটেক্স বাংলাদেশ ২০২৫-এ ব্যবসায়িক সভা (বি২বি), ভিআইপি নেটওয়ার্কিং এবং ক্রেতা-সরবরাহকারীদের মধ্যে ম্যাচমেকিং সুবিধাও রয়েছে, যা সোর্সিং এবং ব্যবসায়িক সম্প্রসারণের জন্য পরিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করছে।
ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার আয়োজনে এই ইভেন্টে বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ, ইপিবি, আইবিসিসিআই, এলেবিসিসিআই, কেবিসিসিআই এবং বিজিসিসিআই-এর মতো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলো সমর্থন প্রদান করছে।
বাংলাদেশ যখন আরো উদ্ভাবনী ও টেকসই টেক্সটাইল শিল্পের দিকে এগিয়ে চলেছে, ইনটেক্স বাংলাদেশ বিশ্ববাজারের সাপ্লাই চেইনের সাথে দেশটিকে যুক্ত করার অন্যতম প্রধান সাপোর্টর হিসাবে কাজ করে চলেছে।









