কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে হাসেম আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসেম আলী দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত আছান শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, একটি নির্মাণাধীন ভবনে ইট ভেজার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সঙ্গে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই দুঃখজনক ঘটনায় এলাকাবাসী শোক প্রকাশ করেছে এবং বিদ্যুৎ নিরাপত্তার প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছে।







