ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অঙ্কের ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলীপাড়া গ্রামে স্বর্ণ ব্যবসায়ী হায়দার আলী ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি দূর্বৃত্ত ডাকাতদল রাত সাড়ে ১০টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

ডাকাতরা হায়দার আলীর হাতে থাকা পিস্তুল ঠেকিয়ে তাকে ও পরিবারকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, একটি ভরি স্বর্ণালঙ্কার এবং ১০০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে নির্বিঘ্নে সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, হায়দার আলী পাশের বাহিরমাদী বাজারে তার স্বর্ণের দোকান থেকে ব্যবসার নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে বাড়িতে ফিরেছিলেন, তখনই ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবেই হামলা চালায়।

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী আজ মঙ্গলবার বিকেলে দৌলতপুর থানায় অফিসিয়ালি অভিযোগ দায়ের করেছেন।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানিয়েছেন, এই ঘটনার জন্য ডাকাতি বললে একটু কঠিন হবে, এটি একটি চুরির ঘটনা। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় এই ধরনের সহিংস অপরাধ যেন আর ঘটতে না পারে, তার জন্য প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।